জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান রবিবার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২১, ০৯:৪৬ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান রবিবার

৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৯) প্রদানের আসর বসছে রবিবার। বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্যসচিব খাজা মিয়া স্বাগত বক্তব্য রাখবেন। যোগ দেবেন চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২০১৯ সালে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে ২৫টি ক্যাটাগরিতে ৬টি যুগ্মসহ মোট ৩১ জনকে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করে জুরি বোর্ড। এর সাথে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা এবছর আজীবন সম্মাননায় অভিষিক্ত হচ্ছেন।

গত বছরের ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুরস্কারের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ চলচ্চিত্র (যুগ্ম): ন ডরাই ও ফাগুন হাওয়ায়। আজীবন সম্মাননা পাচ্ছেন (যুগ্মভাবে) বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা) এবং অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা।

 

Link copied!