বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম। তার হবু স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
চাষী আলম বলেন, `পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।` তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।
মধুচন্দ্রিমার জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।
নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে—জানতে চাইলে চাষী বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছু বুঝতে পারছি না। বাসায় সবাই হইচই, আনন্দ করছে; কিন্তু আমি আমার মতো আছি।’
এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়েহলুদের। এই আয়োজন শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখারে চেষ্টা করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সাথে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন।
এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন।