সংগৃহীত ছবি
২১ বার অস্কার মনোনয়ন এবং ৩২ বার গোল্ডেন গ্লোব মনোনয়নের বর্ণিল এক অভিনয়জীবন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপের। ১৯৭৫ সালে শুরু হওয়া এই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনবার অস্কার, ৯ বার গোল্ডেন গ্লোব, তিনবার প্রাইমটাইম অ্যামি, দুইবার ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ দুই শতাধিক পুরস্কার জিতেছেন।

তবে শুধু ক্যারিয়ার নয়, দীর্ঘ সময়ের দাম্পত্য জীবন নিয়েও অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে ছিলেন মেরিল স্ট্রিপ। কিন্তু মার্কিন ভাস্কর ডন গামারের সাথে তাঁর দীর্ঘ ৪৫ বছরের সংসারেও এসেছে ভাঙন।

শুক্রবার স্ট্রিপ ও গামারের এক ঘনিষ্ঠ সূত্রর বরাত দিয়ে সংবাদমাধ্যম পেজ সিক্স এক প্রতিবেদনে জানায়, ছয় বছর ধরেই এক ছাদের নিচে নেই মেরিল স্ট্রিপ ও ডন গামার।পরস্পরের প্রতি তাঁদের সম্মান অটুট রয়েছে, তবে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১২ সালে ‘দ্য আয়রন লেডি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার পর মেরিল স্ট্রিপ তাঁর সাফল্যে স্বামীর অবদান ও সহযোগিতার কথাও স্মরণ করেছিলেন। সেদিন মেরিল বলেছিলেন, ‘প্রথমত আমি ডনকে ধন্যবাদ দিতে চাই। আর আমি ডনকে জানাতে চাই যে, এই জীবনে তুমি আমাকে যা দিয়েছ, সবকিছুই আমার কাছে মহামূল্যবান।’

অভিনয়জগতের সবার কাছে ঈর্ষণীয় তারকা দম্পতি ছিলেন চার সন্তানের অভিভাবক মেরিল–গামার। তাদের সন্তানরা হলেন- সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। তাঁদের পাঁচ নাতি–নাতনিও রয়েছে।