সাকিবের পাশে দাঁড়ানোয় মিরাজকে বাহবা ‘কাবিলা’র

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৮:০১ পিএম

সাকিবের পাশে দাঁড়ানোয় মিরাজকে বাহবা ‘কাবিলা’র

মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও জিয়াউল হক পলাশ। সংগৃহীত ছবি

নারীদের চাকরি করা নিয়ে জাতীয় দলের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিবের এক মন্তব্য ঘিরে কয়েকদিন ধরেই বেশ আলোড়োন সোশ্যাল মিডিয়াতে। সমালোচনার ঝড়ের মাঝে সতীর্থের পক্ষে কথা বলে আলোচনায় এসেছেন আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজও। এবার তাঁকে বাহবা জানালেন ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জুনিয়র সাকিবকে নিয়ে পোস্ট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেই পোস্টে সাকিবের পাশে দাঁড়ানোর কারণে তাঁকে ধন্যবাদ জানালেন পলাশ ।

স্ট্যাটাসে মিরাজ লিখেছিলেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটি ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ,৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলাম র্ধমে নারীকে অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’

তানজিম হাসান সাকিবের সম্ভাবনা নিয়ে মিরাজ আরও লেখেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। মেহেদী হাসান মিরাজের পোস্টটি হুবহু নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন পলাশ। লিখেছেন, ‘ধন্যবাদ মিরাজ ভাইকে। সাকিবের পাশে থাকার জন্য এবং সত্য কথা তুলে ধরার জন্য।’

জুনিয়র সাকিবকে নিয়ে স্ট্যাটাস দেন মেহেদী হাসান মিরাজ।

প্রসঙ্গত, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ‘কাবিলা’ চরিত্রে বাজিমাত করেছেন জিয়াউল হক পলাশ। তারপর থেকে এ নামেই সবার কাছে পরিচিতি তিনি। ইচ্ছে ছিল নির্মাতা হওয়ার, সময়ে-সুযোগ পেলে তাই পরিচালনাতেও দেখা যায় তাঁকে।

Link copied!