আগামী জুন মাস থেকে শুটিং শুরু হচ্ছে সিয়াম আহমেদ ও নবাগত স্নিগ্ধা চৌধুরী অভিনীত ছবি রাস্তার। গত বছরের অক্টোবরে রায়হান রাফি পরিচালিত ‘রাস্তা’ শিরোনামে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে জানানো হয়েছিল, এই সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন একজন নবাগত নায়িকা। দীর্ঘ ৮ মাস পর সেই নবাগত নায়িকার নাম ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠানটি।
এ সময়ের মডেলিংয়ে চেনা মুখ নবাগত স্নিগ্ধা বর্তমানে মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার নাম লেখালেন রূপালী জগতে। প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন তিনি। স্নিগ্ধা চৌধুরী জানান, এর আগে কখনই তিনি অভিনয় করেননি। বড় কোনো মাধ্যমেই অভিনয়যাত্রা শুরু করতে চেয়েছিলেন। বেশ কিছুদিন আগে সিনেমাটির জন্য অডিশন দিয়ে নির্বাচিত হন। এবার ক্যামেরার সামনে দাঁড়ানোর পালা।
সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যখন নতুন নায়িকার ঘোষণা দেয়া হয় তখন আমি রাফি ভাইকে ফেসবুকে নক করি। তিনি অডিশন নেন। তবে কখনো ভাবিনি আমাকে নির্বাচিত করা হবে। দারুণ একটি গল্পে কাজ করতে যাচ্ছি। সবার সহযোগিতায় নিজের সেরাটা দিয়ে কাজটি করতে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, সিনেমাটির শুটিং জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে দেরি হয়েছে। এর আগে রায়হান রাফি পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেন সিয়াম। রাস্তার জন্য সিয়াম আহমেদ পারিশ্রমিক নিচ্ছেন ১ হাজার ১ টাকা।