মুক্তির আগেই শাকিবের সিনেমার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

শোবিজ ডেস্ক

মে ১২, ২০২৪, ১১:০৯ এএম

মুক্তির আগেই শাকিবের সিনেমার বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

মুক্তির আগেই আইন ভঙ্গ করেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা। এমন অভিযোগ এনেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

আসন্ন ঈদুল আজহায় মুক্তির কথা আছে সিনেমাটির। পুরোদমে চলছে শুটিং। এরই মধ্যে ‘তুফান’ সিনেমার পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মতোই অভিযোগ উঠল সিনেমাটির বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, সেন্সর ছাড়পত্র ছাড়াই টিজার প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম বলেন, “সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল ১০ মে দুপুর ১২টার শোতে দেখানো হয় ‘তুফান’ সিনেমার টিজার। বিষয়টি নজরে এসেছে।”

তিনি আরও বলেন, “সেন্সর ছাড়া টিজার প্রদর্শনের বিষয়টি আমরা শুনেছি। আমাদের ইন্সপেক্টর যাবে সেখানে। সেন্সর ছাড়পত্র ছাড়া সিনেমা দেখানো বেআইনি। নারায়ণগঞ্জ ছাড়া অন্য কোথাও চলে কি না সেটাও আমরা দেখছি। সারা দেশে আমাদের ইন্সপেক্টর মাত্র তিনজন। যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। এরপরও যেখানে এমন বেআইনিভাবে দেখানো হবে আমরা ব্যবস্থা নেবো।”

Link copied!