অর্চিতা স্পর্শিয়া।
বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে মরণোত্তর দেহদান প্রচলন নেই বললেই চলে। কিন্তু অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া হাঁটলেন একদম স্রোতের বিপরীতে। সিদ্ধান্ত নিয়েছেন মরণোত্তর দেহদানের।
৮ ডিসেম্বর ৩০তম জন্মদিনে পা রেখেছেন এই অভিনেত্রী। এ দিনই আনুষ্ঠানিকভাবে ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিচ্ছেন তিনি। জানিয়েছেন, কেন তিনি দেহদান বিষয়ে আগ্রহী হলেন।
বিশেষ এই দিনে স্পর্শিয়া বলেন, আমরা নানাভাবেই মানুষের উপকার করার চেষ্টা করি। এটাও আমার এক ধরনের উপকারের চিন্তা। মৃত্যুর পর আমি আমার দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করব।
তিনি বলেন, মরণোত্তর দেহ দান প্রসঙ্গে আমি অনেকদিন ধরে পরিকল্পনা করেছি। মৃত্যুর পর আমার শরীরের অঙ্গপ্রতঙ্গ জীবিত রোগীর শরীরে প্রতিস্থাপন হবে, এরপর চিকিৎশাস্ত্রের প্রয়োজনে ব্যবহার করা হবে। এতে অন্য কোনো মানুষের উপকার হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চূড়ান্ত আলাপ করেছি। তাই মৃত্যুর পরে দাফন নয়, কলেজ সংশ্লিষ্টরা আমার মরদেহ নিয়ে যাবে ঢাকা মেডিকেলে।
দেহদান প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, এই দানের মধ্যে রয়েছে অন্যের উপকার করার ইচ্ছা এবং চিকিৎসা বিজ্ঞানে খানিকটা সহযোগিতা করা। আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।