মাত্র ২১ বছর বয়সেই থেমে গেল গায়িকার কণ্ঠ

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৪:৪০ পিএম

মাত্র ২১ বছর বয়সেই থেমে গেল গায়িকার কণ্ঠ

মাত্র ২১ বছরেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ব্রিটিশ গায়িকা ফায়ে ফ্যান্টারো। গানের ক্যারিয়ার মাত্রই শুরু হয়েছিল তার। হতে চেয়েছিলেন বিশ্বসেরা কণ্ঠশিল্পী। সেই স্বপ্ন মুহূর্তেই মিলিয়ে গেল। শনিবার (২ সেপ্টেম্বর) নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানানো হয়, প্রথমে মাত্র ৮ বছর বয়সে, পরে ১৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ফায়ে ফ্যান্টারো। অসুখের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন গায়িকা।

পরে ২০২২ সালের সেপ্টেম্বরে বিরল গ্লিউমা ব্রেন টিউমার ধরা পড়ে। ইংল্যান্ডে গানের ক্যারিয়ার মাত্র শুরু হয়েছিল তার। স্বপ্ন রয়ে গেল অধরা।

প্রযোজক ডেভ স্টুয়ার্টের বে স্ট্রিটস রেকর্ডসের মাধ্যমে চলতি বছর ফেব্রুয়ারিতে তার সাতটি গান প্রকাশ পেয়েছিল। বাহামাতে গানের রেকর্ড করা হয়েছিল।

ডেভ স্টুয়ার্ট একটি বিবৃতিতে বলেছেন, ‘গত বছর গ্রীষ্মে ফেইয়ের সঙ্গে তার প্রথম অ্যালবাম তৈরি করেছি, সুন্দর সৃজনশীল সময় কাটিয়েছি। তারপরই ফেইয়ে জানতে পারেন ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর, তখন আমি কতটা বিধ্বস্ত হয়ে পড়ি যে ভাষায় প্রকাশ করতে পারব না।’

ডেভ আরও বলেন, ‘ফায়ে তার চারপাশের মানুষকে হাসি মজায় ভরি রাখতে পারতেন। প্রকৃত অর্থেই তিনি একজন শিল্পী, তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনওই ভুলব না। আমি ভাগ্যবান যে ফায়ে এবং তার মা প্যামের সঙ্গে আমার আলাপ হয়েছিল। প্যাম ফায়েকে বাঁচিয়ে রাখার সমস্তরকম চেষ্টা চালিয়ে ছিলেন। খারাপ লাগছে যে এত কম সময়ের জন্য ফায়ের প্রতিভার আঁচ পেল গোটা দুনিয়া।’

Link copied!