সংগৃহীত ছবি
বলিউডের সবচেয়ে বড় পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। গুজরাটের গান্ধীনগরে বসেছিল ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আসর। আয়োজনটির সঞ্চালনা করেন করণ জোহর, আয়ুস্মান খুরানা ও মনীশ পল। এবারের ফিল্ম ফেয়ারে আজীবন সম্মাননা পেয়েছেন ডেভিড ধাওয়ান।
২০২৩ সালে সবচেয়ে ব্যবসাসফল ছিলেন শাহরুখ খান। তাঁকেও টেক্কা দিয়েছেন ‘অ্যানিমেল’ রণবীর কাপুর। এদিকে দীপিকা পাড়ুকোনকে হারিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

দেখে নেয়া যাক, কে, কোন ক্যাটাগরিতে হলেন সেরার সেরা-
শাহরুখের জওয়ান-পাঠান, রানভীর-আলিয়ার রকি অউর রানিকে হারিয়ে ফিল্মফেয়ারে সেরা সিনেমা (পপুলার)-‘টুয়েলভথ ফেল’।
অন্যদিকে থ্রি অব আস, শাম বাহাদুর, ফারাজের সাথে টেক্কা দিয়ে সমালোচকদের চোখে সেরা সিনেমা হয়েছে ‘জোরাম’।

টুয়েলভথ ফেল সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন বিধু বিনোদ চোপড়া। তাঁর সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিলেন— অ্যাটলি কুমার (জওয়ান), করণ জোহর (রকি অউর রানি), সন্দীপ রেড্ডি ভাঙা (অ্যানিমেল), সিদ্ধার্থ আনন্দ (পাঠান)। সেরা অভিষিক্ত পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন তরুণ দুদেজা।

ডানকি ও জাওয়ান নিয়ে সুপার ফর্মে থাকা শাহরুখকে হারিয়ে ‘অ্যানিমেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। মনোনয়ন তালিকায় আরও ছিলেন রণবীর সিং (রকি অউর রানি), সানি দেওল (গদর ২) ও ভিকি কৌশল (স্যাম বাহাদুর)।
সমালোচকদের চোখে সেরা অভিনেতা হলেন টুয়েলভথ ফেল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তাকে লড়তে হয়েছে তালিকায় অভিষেক বচ্চন, রাজকুমার রাও, ভিকি কৌশল, মনোজ বাজপেয়ি, পঙ্কজ ত্রিপাঠীদের মতো তারকাদের সাথে।

‘রকি অউর রানি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। মনোনয়ন তালিকায় আরও ছিলেন পাঠান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, কিয়ারা আদভানি, রানি মুখার্জি, তাপসী পান্নু।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য ক্রিটিকস ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। তাঁর সঙ্গে যৌথভাবে পুরস্কার জিতেছেন ‘থ্রি অব আস’ অভিনেত্রী শেফালি শাহ।

এ ছাড়া এবারের ফিল্মফেয়ারে ‘ডানকি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। আর ‘রকি অউর রানি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি।
জারা হটকে জারা বাঁচকের জন্য সেরা লিরিক্সের পুরস্কার পেয়েছেন অমিতাভ ভট্টাচার্য, সেরা গায়ক ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি), বেশরম রং গান গেয়ে সেরা গায়িকা শিল্পা রাও, সেরা গল্প অমিত রাই (ওএমজি ২), সেরা চিত্রনাট্য টুয়েলভথ ফেল, সেরা সংলাপ রকি অউর রানি, সেরা নবাগত অভিনেতা আদিত্য রাওয়াল (ফারাজ), সেরা নবাগত অভিনেত্রী আলিজেহ অগ্নিহোত্রী (ফাররে)।

এছাড়াও অ্যানিম্যাল মুভিতে সেরা আবহসংগীতের জন্য পুরস্কার পেয়েছেন হর্ষবর্ধন রামেশ্বর।
‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন জাসকুনওয়ার সিং কোহলি- বিধু বিনোদ চোপড়া।
জাওয়ান শাহরুখকে কোনো পুরস্কার এনে দিতে না পারলেও সেরা ভিএফএক্সের জন্য পেল পুরস্কার।
‘থ্রি অব আস’ সিনেমার সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছেন অবিনাশ অরুণ ধাওয়ারে।

অন্যদিকে রকি অউর রানি কি প্রেমকাহানি সিনেমার ঝুমকা গানের জন্য সেরা কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছেন গণেশ আচার্য।
এছাড়াও ‘স্যাম বাহাদুর’ সিনেমায় সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে শচীন লাভলেকার, দিব্য গম্ভীর, নিধি গম্ভীর পুরস্কার পেয়েছেন।