অক্সিজেন নয়, ভারতের বেশি প্রয়োজন ধর্মের: কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২১, ০৬:৩৪ পিএম

অক্সিজেন নয়, ভারতের বেশি প্রয়োজন ধর্মের: কঙ্গনা

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়ার পর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত জানিয়েছিলেন, তাঁর কাছে বিকল্পের ঘাটতি নেই। অন্য মাধ্যমে নিজের মতামত প্রকাশ করবেন তিনি। আর সে কথা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। সম্প্রতি তাঁর একটি মন্তব্য নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘ভারতে অক্সিজেনের চাইতে ধর্মের প্রয়োজন বেশি।’

এমন একটি সময়ে তিনি এই মন্তব্য করেছেন, যখন ভারতে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। চার দিক থেকে অভিযোগ আসছে, অক্সিজেনের অভাবে করেনা রোগীর মৃত্যু হচ্ছে। তা ছাড়া সিলিকোসিস আক্রান্ত রোগীরাও বিপদে পড়েছেন। নিয়মিত অক্সিজেনের প্রয়োজন পড়ে তাঁদের। কিন্তু অতিমারিতে বিধ্বস্ত দেশে অক্সিজেনের ভাঁড়ারে টান পড়েছে।

হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (৮ মে) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লিতে অক্সিজেন নিয়ে চূড়ান্ত অব্যবস্থা চলছে’। কঙ্গনা রানাওয়াত ওই খবরের প্রতিক্রিয়ায় মন্তব্য করেন, ‘ভারতে আর অক্সিজেনের প্রয়োজন নেই। ভগবানের ভয় পাওয়া দরকার এখানে। প্রয়োজন ধর্মের’। তাঁর অভিযোগ, ‘দেশে চোর ভর্তি। আর তাই মানবজাতির প্রয়োজন মানবিকতা, অক্সিজেন নয়।’

এর আগেও কঙ্গনা অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য ‘স্থায়ী সমাধান’ দিয়েছিলেন রোগীদের। তাঁর ভাষায়, ‘যাঁদের শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তাঁরা দয়া করে একটি কাজ করুন। গাছ লাগান। আর যদি সেটি করতে না পারেন, অন্তত গাছ কাটা বন্ধ করুন’।

অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্টটি চারদিন আগে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। টুইটার কর্তৃপক্ষের অভিযোগ, ব্যক্তি নির্বিশেষে তাঁরা তাঁদের নিয়ম মেনে চলেন। এ ক্ষেত্রেও তাই।

টুইটার মুখপাত্র বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম, কোনও পোস্ট থেকে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। নীতি লঙ্ঘন করার জন্য উল্লিখিত অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।’

Link copied!