"আজ বিশ্ব ভালোবাসা দিবস। যদিও আমার কাছে মনে হয় ভালোবাসা উদযাপনের জন্য শুধু একটি মাত্র দিন নয়, এটি সবসময়ের জন্য। আমাদের বাবা- মা ,ভাই -বোন কাছের মানুষ যারা সবসময় আমাদের শুভাকাক্ষী সবার জন্য প্রতিদিনই হোক ভালোবাসার। তবে আমার এবারের ভালোবাসা দিবস শুধু আপনাদের জন্য" ফেসবুক লাইভে এসে কথাগুলো বললেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
সোমবার 'বুবলী' অফিসিয়াল ফেসবুক পেজ থেকে “টান” সিনেমার অবনী লুক নিয়ে লাইভে এসে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত “টান” সিনেমাকে এতো ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।
বুবলী বলেন, আমার ভালোবাসার মানুষ আপনারা। তাই এই স্পেশাল দিনটি যদিও প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে যেহেতু নানান আয়োজনে বিশেষভাবে উদযাপনের জন্য একটি দিন বেছে নেওয়া হয় তাই আমিও আসলাম ভালোবাসা ভাগাভাগি করে নিতে।
তিনি আরও বলেন, সম্প্রতি আমার মুক্তিপ্রাপ্ত সিনেমা “টান” নিয়ে যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে (আপনাদের অবনীকে) দিয়ে এসেছেন তার জন্য আমি চিরঋণী এবং কৃতজ্ঞ। “টান” সিনেমা এবং আমাদের পুরো টান টিমকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন এবং প্রতিদিন যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তাতে আমরা পুরো টিম সত্যি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। তাই আমার এবারের ভালোবাসা দিবস শুধু আপনাদের জন্য।
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে দেশীয় জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় সিয়াম-বুবলীর “টান” সিনেমাটি। প্রথমবারের মতো এই সিনেমার মাধ্যমে জুটি বাঁধলেন শবনম বুবলী ও সিয়াম আহমেদ। মুক্তির পরপরই দর্শকের কাছে জনপ্রিয়তা পায় এই সিনেমাটি।