গত ২১ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হয়েছে বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ দফার কাজ। আর এতে শেষ মুহূর্তে যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ ছবিতে তিনি পাকিস্তানি জেনারেল টিক্কা খানের ভূমিকায় অভিনয় করবেন।
টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। সে জন্য তাকে ‘বাংলার কসাই’ও বলা হয়।
এদিকে জানা যায়, আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙালির উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ। তিনি ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।
জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘অডিশনের জন্য বেশ কিছু দিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করবো। এতে কাজ করা আমার জন্য অনেক আনন্দের। এ জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক না নিয়ে মাত্র ১ টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’’
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে গড়ায়।
ছবিতে বঙ্গবন্ধু হিসেবে আরিফিন শুভ ও শেখ হাসিনা হচ্ছেন নুসরাত ফারিয়া। এছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।