বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের শিশুদের উন্নতি ও নিরাপত্তাসংক্রান্ত বিশেষ সংস্থা-ইউনিসেফ।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণে উৎসাহ দেওয়ার লক্ষ্য নিয়ে চিত্রতারকাদের নিয়ে প্রচারণা চালাচ্ছে জাতিসংঘের এই সংস্থাটি।

ইউনিসেফের নিজস্ব ফেসবুকে বলা হয়েছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান-এর আরো একটি পরিচয় আছে- তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।’
এতে আরো বলা হয়, ‘এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও আহ্বান জানাচ্ছেন: সঠিক সময়ে আপনার এবং আপনার সন্তানের টিকাদান নিশ্চিত করুন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্যে আপনার জন্য রইলো আমাদের অশেষ কৃতজ্ঞতা!’