আবারও শিরোনামে উঠে আসলেন বলিউড সুপার স্টার সালখান খান। আইনি জটিলতায় একাধিকবার আদালতের কাঠগড়ায় উঠেছেন। বলিউডের এই সুলতানকে এবার পুরোনো একটি মামলায় আদালতে তলব করা হয়েছে।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন সাংবাদিককে নিগ্রহের ঘটনায় সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসছে ৫ এপ্রিল বলিউডের ভাইজানকে আদালতে হাজির হতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সালমান খান ও তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অশোক পাণ্ডে নামে এক সাংবাদিক। তার দাবি, ওই বছর এপ্রিলে মুম্বাইয়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সালমান খান। তার ছবি ও ভিডিও ধারণ করছিলেন অশোক। এতেই বিরক্ত হন সালমান। অনুমতি না নিয়ে সালমানের ছবি তোলার কারণে তার নিরাপত্তারক্ষীরা অশোককে মারধর করেন। পরে সালমানও তাকে মারধর করেছেন। অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক।

এই সাংবাদিকের দাবি, পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বলে তার মোবাইল ফেরত পেয়েছিলেন। এরপর অভিযোগ দায়ের করতে প্রথমে স্থানীয় থানায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে মামলা হয়। করোনা পরিস্থিতির কারণে মামলার শুনানি বন্ধ ছিল। এখন ফের শুনানি শুরু হয়েছে এবং সালমান খানকে সমন পাঠিয়েছেন আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।