আদালতের নির্দেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আইনজীবী আহসানুল করিম বলেন, “আপিল বিভাগের নিষেধাজ্ঞার পরও নিপুণ আক্তার নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে। এ মামলার বিষয়ে আগামী রবিবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা ও অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। রুল শুনানির জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলের পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে চিত্রনায়ক জায়েদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে, নিপুণের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
এর আগে,জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের প্রথম দিনের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন আদালত।