অভিনেত্রী মাহিয়া মাহির স্বপ্ন ভঙ্গ!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ১১:১৫ পিএম

অভিনেত্রী মাহিয়া মাহির স্বপ্ন ভঙ্গ!

বিএনপির দলীয় সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হওয়ার আশা নিয়ে মনোনয়ন পত্র কিনেছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। এরপর থেকেই তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনার বিষয়টি নিয়ে  আলোচনা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ওই আসনে নৌকার প্রার্থী হয়েছেন মু. জিয়াউর রহমান।

রবিবার রাতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে ওই আসনে নৌকার প্রার্থীরে নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই আসনসহ বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের মধ্যে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটি আসন ১৪ দলীয় শরিকদের ছেড়ে দিয়েছে, আর অন্যগুলো উন্মুক্ত থাকবে বলে সিদ্ধান্ত দিয়েছে ক্ষমতাসীন দলটি।

এর আগে বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি, বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে।

কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। 

যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো: বগুড়া- ৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।

প্রসঙ্গত,সম্প্রতি আওয়ামী ঘরোনার রাজনীতিতে বেশ সক্রিয় হয়ে উঠেছে মাহিয়া মাহি। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন তিনি। বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করলে মাহির জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী হতে গত ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাহি।

মনোনয়ন পত্র কেনার পর খোদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, “চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।”

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মুখে একথা শোনার পর দলের ভেতরে ও বাইরে মাহির নৌকার প্রার্থী হওয়ার ব্যাপারে ব্যাপক আলোচনা হচ্ছিলো। তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টিতে সম্ভাবনাও দেখছিলেন অনেকে। তবে ওই আসনে প্রার্থীর বিষয়ে রবিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। আর এতে মাহির স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে মনে করছেন অনেকে।

Link copied!