ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমা এখনও দাপট দেখাচ্ছে প্রক্ষাগৃহে। সিনেমাপ্রেমী দর্শকের পছন্দের শীর্ষে সিনেমাটি। এখনো টিকিট না পাওয়ার ঘটনা ঘটছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ‘পরাণ’এর বিভিন্ন পোস্ট শেয়ার করে বেশ সরব নায়িকা বিদ্যা সিনহা মিম। ফেসবুকে ‘পরাণ’ সিনেমায় একটি বাদ পড়া দৃশ্য পোস্ট করেন তিনি।
যেখানে দেখা যায়, বিদ্যা সিনহা মিম সহ–অভিনেতা ইয়াশ রোহানকে চড় দিচ্ছেন। পরিচালকের পছন্দমতো না হওয়ায় তিনবার দৃশ্যটি ধারণ করতে হয়। এতে নয়বার ইয়াশের গালে থাপ্পড় মারেন মিম। কিন্তু সিনেমা মুক্তির পর সেই দৃশ্যটি ‘পরাণ’ সিনেমায় খুঁজে পাওয়া যায়নি। কেন বিশেষ দৃশ্যটি সিনেমা থেকে বাদ? সেই উত্তর নেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে। তাই ফেসবুকে দৃশ্যটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরিচালক রায়হান রাফির কাছে জানতে চাইলেন, ‘কেন চড় মারা দৃশ্যটি সিনেমা থেকে বাদ?’
মিম ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পরাণ’ থেকে বাদ দেয়া দৃশ্য। দুঃখিত ইয়াশ রোহান। শেষ মুহূর্তের অভিব্যক্তি সেই ছিল। পরাণ’র নির্মাতাকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি আরও লিখেছেন, রায়হান রাফি, এই দৃশ্যটা ফেলে দিলে কেন? এতে জবাবও দিয়েছেন রাফি।
পরিচালক লিখেছেন, তোমাকে আস্তে মারতে বলছিলাম আমি। সেখানে ইয়াশ রোহানও মন্তব্য করেছেন, ‘আমিও বলেছিলাম আস্তে মারতে।’বাদ দেয়া এই অংশের ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শুভাকাঙ্ক্ষীরা অভিনেত্রী ও সিনেমা, উভয়ের ব্যাপক প্রশংসা করছেন।
মজা করে এসব মন্তব্য করলেও পরিচালক রায়হান রাফি অনেক ভেবেচিন্তেই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দিয়েছেন। এই পরিচালক বলেন, ‘আমরা আরও অনেক দৃশ্য সিনেমার গল্প ঠিক রাখার কারণে ফেলে দিয়েছি। সিনেমা সম্পাদনার সময় মনে হয়েছে, গল্পে গতি আনার জন্য দৃশ্যটি না থাকলে সিনেমার কোনো ক্ষতি হয় না। দর্শকদের জন্য সিনেমাটির কোনো দৃশ্য যেন ঝুলে না যায়, দর্শক যেন টানটান উত্তেজনার মধ্যে থাকেন, সেসব কারণেই দৃশ্যটি বাদ দিয়েছি।’ পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘পরাণ’। ষষ্ঠ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি এখনো গৌরবের সঙ্গে চলছে। এটি অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে। সেখানে ১৭টি শো’র কোনো টিকিট নেই। সব কটি হাউসফুল। রাফি জানালেন, দর্শকদের চাহিদা কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার, ফিনল্যান্ডসহ শিগগির ১৯ দেশে পর্যায়ক্রমে মুক্তি পাবে।