মা–বাবার স্মৃতিবিজড়িত বাড়ি ‘সোপান’ বিক্রি করে দিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। দক্ষিণ দিল্লির এই বাড়িতে তার শৈশব কেটেছে।
দক্ষিণ দিল্লির গুলমোহরে অমিতাভ বচ্চনের বাংলো সোপানে তার মা–বাবা থাকতেন। এই বাংলোতে বাবা হরিবংশ রাই বচ্চন আর মা তেজি বচ্চনের সঙ্গে অমিতাভের নানা স্মৃতি লুকিয়ে আছে। কারণ, এই বাংলোতেই কেটেছে তার শৈশবের দিনগুলো। মুম্বাইয়ে আসার আগপর্যন্ত সোপানে থাকতেন বিগ বি।
বাংলোটি নেজোন গ্রুপ অব কোম্পানির সিইও অবনী বদর কিনেছেন। তিনি বচ্চন পরিবারের খুব কাছের একজন। আর অবনী বদর সোপান বাংলোর কাছাকাছি থাকেন। অমিতাভ বচ্চনের এই বাংলো ৪১৮ দশমিক ৫ বর্গমিটার এলাকাজুড়ে। বাংলোটি অমিতাভ ২৩ কোটি রুপির বিনিময়ে বিক্রি করেছেন।
দ্বিতল এই বিলাসবহুল বাংলোটি বচ্চন পরিবারের প্রথম বাংলো। কবি হরিবংশ রাই বচ্চন এই বাংলোতে মাঝেমধ্যে কবিতার আসর বসাতেন বলে জানা গেছে। সোপান তার নানা কালজয়ী সৃষ্টির নীরব সাক্ষী। মুম্বাইয়ের জুহু এলাকায় অমিতাভের পাঁচটি বিলাসবহুল বাংলো আছে। এ ছাড়া আন্ধেরিতে একটা ডুপ্লেক্স কিনেছেন তিনি।