অর্থ প্রতারণা মামলায় নোরা ও জ্যাকুলিনকে তলব

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৩:২৩ পিএম

অর্থ প্রতারণা মামলায় নোরা ও জ্যাকুলিনকে তলব

২০০ কোটি টাকা প্রতারণার মামলায়  বলিউড অভিনেত্রী নোরা ফতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা একটার পরে নোরা ইডি-র দফতরে হাজির হয়েছেন। পাশাপাশি নতুন করে ইডি একই মামলায় ডেকে পাঠিয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও।

এর আগে দু’জনকেই ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২৬ সেপ্টেম্বর ইডি-র সমন সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন জ্যাকলিন।

র‌্যানব্যাক্সি সংস্থার সাবেক মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবার ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে। এরা দু’জনেই আপাতত বন্দি রয়েছেন দিল্লির রোহিনী জেলে।

দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে জানা যায়, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যাকলিন এবং নোরার।

দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ এবং অন্য বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করে।

এই অভিযোগের তদন্ত করতে গিয়ে ৮২ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ও নগদ টাকা বাজেয়াপ্ত করে।

ঘটনায় জড়িয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নামও। তার পরই তদন্তে উঠে আসে, সুকেশের সঙ্গে শ্রীলঙ্কায় থাকাকালীন জ্যাকলিনের যোগাযোগ তৈরি হয়। জেলে থাকাকালীনও জ্যাকলিনের সঙ্গে যোগাযোগ করতেন সুকেশ। এর পরই জড়িয়ে যায় নোরার নাম।

সূত্র: আনন্দবাজার।

Link copied!