আইসিইউতে চিত্রনায়ক নাঈম

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ০৯:০৮ পিএম

আইসিইউতে চিত্রনায়ক নাঈম

সফল বাইপাস সার্জারি শেষে চিত্রনায়ক নাঈম এখন রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার।

সফল অপারেশনের প্রায় পাঁচ ঘন্টা পর নব্বই দশকের অসম্ভব জনপ্রিয় এই নায়কের জ্ঞান ফেরে। স্বামীর সুস্থতার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ।   

হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ গণমাধ্যমকে জানান, ‘আলহামদুলিল্লাহ, ভাইয়ার (নাঈম) জ্ঞান ফিরেছে। ইশারায় আপার (শাবনাজ) সঙ্গে কথা বলেছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। বেশ কদিন হাসপাতালে থাকতে হবে।’

মৌ বলেন, ‘আগে থেকেই দুলাভাইয়ের(নাঈমের) হার্টে সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। ভাইয়া ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। গত রাতে ভাইয়ার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইপাস সার্জারিটা ভালো মতোই হয়ে গেছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

চাঁদনী ছবিতে চিত্রনায়ক নাঈম ও চিত্রনায়িকা শাবনাজ। এই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সবার নজর কাড়েন তারা। 

প্রখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ব্যবসা সফল ‘চাঁদনী’ছবিতে অভিনয়ের সুবাদে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন নব্বই দশকের জনপ্রিয় জুনাঈম-শাবনাজ জুটি।

তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি। পর্দায় অভিনয় করতে করতে একসময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বাস্তব জীবনেও জুটি বেধে সংসারে প্রবেশ করেন।

এক সময়ের অসম্ভব জনপ্রিয় রোমান্টিক নায়ক এখন রীতিমত ব্যবসায়ী। ব্যবসার পাশপাশি করটিয়ার জমিদার বাড়ির এই সন্তান বর্তমানে কৃষিকাজে মনোনিবেশ করেছেন।

 

Link copied!