করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পাচ্ছে না বলিউড অঙ্গন। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছে করোনায়। বেশিরভাগ তারকা শ্যুটিং সেটে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই পরিস্থিতির মুখে এবার শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমার সেটে পড়েছে করোনার থাবা। তাই নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন শাহরুখ খান।
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তার জনপ্রিয়তা রয়েছে পুরো বিশ্বব্যাপী। দীর্ঘ সময় ধরে সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি। বলিউডের বাদশা বলা হয় তাকে। ৩ বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে কামব্যাক করছেন তিনি। সেই সিনেমার সেটে একজন ক্রু মেম্বার করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত সেই ক্রু মেম্বার ছিলেন শাহরুখ খানের ‘ক্লোজ কন্ট্যাক্ট’। তাই নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন কিং খান। তবে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করেননি।
নির্মাতা সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২০-র নভেম্বর মাসে। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহম। ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন সালমান খান। জানা গেছে, ছবির ক্লাইম্যাক্সে শাহরুখের সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশন ও তাক লাগিয়ে দেওয়া সব স্টান্ট করবেন সালমান খান। ইতোমধ্যে ‘পাঠান’ দুবাই অংশের শ্যুটিং শেষ হয়েছে। কিন্তু মুম্বাইতে শ্যুটিং শেষ করতে পারেনি সিনেমার টিম। আপাতত বন্ধ রাখা হয়েছে শ্যুটিং। কারণ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় একগুচ্ছ বিধিনিষেধ লাগু হয়েছে ছবির শ্যুটিংয়ে। সেটে একজন করোনা আক্রান্ত হলেই তা দ্রুত ছড়িয়ে পড়ছে। যার ফলে বন্ধ করে দিতে হচ্ছে ছবির কাজ। এতে ক্ষতির মুখে পড়েন প্রযোজকরা। তাই তারাও আর চাইছেন না এই পরিস্থিতিতে শ্যুটিং চালাতে।