আজ চিত্রনায়িকা পরীমনির বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ১১:৪১ এএম

আজ চিত্রনায়িকা পরীমনির বিয়ে

শুক্রবার রাতেই ঘরোয়া আয়োজনে হয়ে গেল ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ অনুষ্ঠান। আজ শনিবার সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন বছরের প্রায় শুরুর দিকে এই দম্পতি জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন।ওই দিন দিয়েছিলেন মা-বাবা হওয়ার সুখবরও।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয় রাজ-পরী দম্পতির গায়ে হলুদের ছবি। ওই অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনিসহ  রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা উপস্থিত ছিলেন।

রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ে হলুদের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন চয়নিকা চৌধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরী আর রাজ..। শুভকামনা।’

গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুণিন’ এর সেটে গিয়েই প্রেম। এরপর গোপনে সেসময় বিয়েও সেরেছেন নিজেরা ! চলতি মাসে এসব বিষয় প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি ও শরিফুল রাজ।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, “ঘরোয়া আয়োজনে রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন হলো শুক্রবার সন্ধ্যায়। এতদিন যেহেতু রাজ-পরী তাদের প্রেম, সম্পর্ক ও বিয়ের খবর গোপন রেখেছিল, ফলে স্বভাবতই তাদের পরিবারও বিষয়টি জানতে পারেনি। তাই আনুষ্ঠানিকতারও সুযোগ ছিলো না। এখন সেই আনুষ্ঠানিকতা ঘরোয়াভাবে ওরা করছে। আজ শনিবার হবে বিয়ের আনুষ্ঠানিকত ।”

গিয়াসউদ্দি সেলিম  জানান, “এখন আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। আগের বিয়ের সময় তো কোনো আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।”

শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুণিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তার আগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। বাতাসে উড়ে তাদের প্রেমের গুঞ্জন।

গত নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দেয়। ১০ জানুয়ারি রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ‘ধন্যবাদ’ জানিয়ে সেই গুঞ্জন যেন বাস্তবে রূপ দেন এই তারকা দম্পতি। এর পরপরই তাদের বিয়ে ও পরীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

Link copied!