বহু প্রতীক্ষিত সেই বিয়ে আজ। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল আজ মালাবদল করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ ডিসেম্বর) তারা যোগ দিয়েছেন গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানে।
এদিকে, বিয়ের কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গেছেন দুই পরিবারের সদস্যরা।
বিয়ের ভেন্যু রাজস্থানের সাওয়াই শহরের মাধবপুরের ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা’। আগেই সেজেছে প্রাচীন ঐতিহ্যে ভরা বিলাসবহুল এ প্রাসাদ। ঝামেলা এড়াতে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাবলয়। সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলিউডের দুই তারকা।
আলোচিত এ বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন খুব অল্পসংখ্যক অতিথি। অতিথিদের অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। বিয়ের অনুষ্ঠানে প্রবেশের পর মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছেন এ জুটি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভিকি-ক্যাট তাদের বিয়ের স্বত্ব বিক্রি করেছেন, যা ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’।