গত বছর কোরবানির ঈদে চরকিতে মুক্তি পেয়েছিল ‘সিন্ডিকেট’। সেই ওয়েব সিরিজে দর্শকের মনোযোগ আকর্ষণ করে নেন ‘অ্যালেন স্বপন’ চরিত্রে রূপদানকারী নাসির উদ্দিন খান। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে প্রমিত বাংলার মিশ্রণে কথা বলে স্বপন। সেই অ্যালেন স্বপনকে নিয়ে এবার ‘সিন্ডিকেট’-এর স্পিন-অফ সিরিজ নিয়ে আসছেন শিহাব শাহীন।
নির্মাণ করছেন চরকি অরিজিনাল সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণদের মতো অভিনেতার দেখা মিলবে সিরিজটিতে।
নাসির উদ্দিন খান বলেন, ‘অ্যালেন স্বপন চরিত্রটির সঙ্গে নাসির উদ্দিন খানের তেমন কোনো মিল নেই। তবে চরিত্রটি আমার খুব পছন্দের। মূল কারণ হলো, অ্যালেন স্বপন একজন খারাপ মানুষ হলেও দর্শক তাঁকে ভালোবেসেছে। এবার এই স্বপনকে আরও বিস্তারিত জানা যাবে।’
রাফিয়াত রশিদ মিথিলাকে শায়লা চরিত্রে দেখা যাবে এই সিরিজে। এই চরিত্রটা নিয়ে তিনি বলেন, ‘শায়লা খুবই ইন্টারেস্টিং চরিত্র। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেইপ আছে। যেগুলা প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউস ওয়াইফ, কিন্তু তা নয়। তাঁর ভেতর অনেক গল্প আছে।’
সিরিজটি নিয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের অভিনয়দক্ষতা চরিত্রটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। তিনি অনেকে ভেবেচিন্তে কাজ করেন। অনেক দিন আগে থেকেই মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা অনেক উন্নতি করেছেন। তাঁর এমন চমৎকার পরিবর্তনে আমি চমকে গেছি। এ দুজন ছাড়া এই সিরিজের সঙ্গে যাঁরা যুক্ত, সবাই অনেক ভালো করেছেন।’