তেঁজগাও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে পুলিশের কটুক্তি নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ নিয়ে সরব হয়েছেন তারকারাও। রবিবার সংসদে টিপ পরতে কারো অনুমতি লাগবে কিনা সে প্রশ্ন তোলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। সোমবার এ নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
মিথিলা বলেন, কপালের টিপ ওই শিক্ষিকার হেনস্থার কারণ! তাই তিনি এবং আরও অসংখ্য নারী কপালে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদে সামিল। জনপ্রিয় অভিনেত্রীর কথায়, ‘‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তাঁর আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’’ তাই কপালে টিপ দেওয়া নিজের ছবি দিয়ে মিথিলার সাবধানী বাণী, আমার টিপ নিয়ে কোনও কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়।” শনিবার রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে এক পুলিশ অফিসার প্রশ্ন করেন, “টিপ পরছোস কেন?” লতা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালে তাঁকে কটূক্তি করতে থাকেন ওই অফিসার। গায়ের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেওয়ারও নাকি চেষ্টা করেন। এ ঘটনায় জড়িত ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।