আমিরের সাথে যোগাযোগ রেখেও কাজ পাচ্ছেন না ‘তারে জমিন পার’ এর তারকা দার্শিল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২২, ০৭:৫৩ পিএম

আমিরের সাথে যোগাযোগ রেখেও কাজ পাচ্ছেন না ‘তারে জমিন পার’ এর তারকা দার্শিল

‘তারে জমিন পার’-এর ছোট্ট ইশান আওয়াস্তিকে কি মনে আছে? ১৫ বছর আগে ২০০৭ সালের ডিসেম্বরে বলিউডে শিশুশিল্পী হিসেবে ডেবিউ করেছিলেন অভিনেতা দার্শিল সাফারি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁর। ছবিতে অভিনেতা আমির খান ছিলেন দর্শিলের শিক্ষক। ছবিটি একশো কোটির ওপরে ব্যবসা করেছিল।

গত মাসে ২৫ বছরে পা দিয়েছেন সেই দার্শিল। পড়াশোনার পাশাপাশি নিজের অভিনয় চালিয়ে গিয়েছেন সমানে। সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যান্ডের স্পনসর হিসেবেও কাজ করেছেন তিনি। দর্শিলের ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট ছিল। এরপর সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি অভিনেতা। 'ঝলক দিখলা যা' সিজন ৫- রিয়ালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন। কিন্তু এখন একদমই বেকার তিনি। জীবনের হিসাবও মেলেনি তাঁর। অনেক স্বপ্ন ছিল, প্রথম সারির অভিনেতা হয়ে পর্দা কাঁপাবেন। এ কারণে পরিচালক-প্রযোজকদের সাথেও যোগাযোগ রেখেছেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।

খবরে প্রকাশ, আমিরের সাথে যোগাযোগ রেখেও বলিউডে কাজ পাচ্ছেন না ‘তারে জমিন পার’-এর এই তারকা!

দার্শিলের আক্ষেপ, কোভিড পরিস্থিতির আগে একাধিক পরিচালকের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল। কিন্তু অতিমারির জন্য সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তাঁর বাবা-মা, বন্ধুবান্ধব তাঁকে স্বান্তনা দেন। কিন্তু দর্শিলের কথায়, ‘‘আমার জুতোয় পা গলায়নি কেউ। তাই আমার সমস্যাটা কেউ বুঝতে পারছে না।’’

ডিস্লেকশিয়াও নেই। দাঁতও আর উঁচু নয়। অবহেলায় অবসাদগ্রস্তও নয়। ‘নিকুম্ভ স্যারের’ শিক্ষায় গুছিয়ে ফেলেছেন নিজের জীবনও। কিন্তু সে তো ঈশান অবস্তি। কিন্তু সেই চরিত্রের অভিনেতা দর্শিল সাফারি এখন সাফার করছেন? তিনি ভেবেছিলেন ২৫ বছরের মধ্যে প্রথম সারির নায়কদের কাছাকাছি পৌঁছে যাবেন। কিন্তু তা হয়নি। গত মাসে ২৫ বছরে পা দিয়েছেন দার্শিল। এখনও কোনও ভাল কাজের সুযোগ আসেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দার্শিল জানালেন, তাঁর বাবা নিয়মিত আমির খানের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর ‘নিকুম্ভ স্যার’ দর্শিলের পেশাগত জীবন সম্পর্কে পরামর্শ দেন। কিন্তু প্রশ্ন, তা সত্ত্বেও পছন্দ মতো কাজ পাচ্ছেন না কেন দার্শিল?

বড় বাজেটের ছবিতেও অভিনয় করার ইচ্ছা দার্শিলের। সারা আলি খান, জাহ্নবী কপূরের সঙ্গে পর্দা ভাগ করার শখ রয়েছে। ‘ঈশান’-এর আশা, তাঁরও সুসময় আসবে। আশাবাদী তিনি।

Link copied!