ধর্মচর্চার কারণে নাটক-সিনেমাকে ‘না’ করে দিলেন অভিনেত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০২:১৩ পিএম

ধর্মচর্চার কারণে নাটক-সিনেমাকে ‘না’ করে দিলেন অভিনেত্রী

পাকিস্তানি নাটক যারা দেখেন তাদের কাছে পরিচিত মুখ আনুম ফায়াজ। আহমেদ হাবিব কি বেটিয়ান, মেরি মা, ইশক ইবাদাতসহ আরও অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন অভিনয়ের এই জগত ছেড়ে নতুন পথে হাঁটবেন তিনি। বিদায় জানিয়েছেন রঙিন পর্দার আলোকে। 

অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়ে অল্প সময়েই দশর্কপ্রিয়তা অর্জন করেছিলেন পাকিস্তানের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। সম্প্রতি তিনি জানিয়েছেন, এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না। ধর্মের পথে নিজের জীবন গুছিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ করে অভিনয় জগতকে বিদায় জানালেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন তাঁর এই সিদ্ধান্তের কথা। আনুম ফায়াজ লিখেছেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

বেশ কিছু দিন ধরেই নাটকের অঙ্গনে দেখা যাচ্ছিল না আনুমকে। ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করছিলেন হিজাব ও বোরকা পরা ছবি। এর মধ্যেই জানিয়ে দিলেন রঙিন পর্দার জগত ছেড়ে এবার ধর্মকে আপন করে জীবন গড়তে চান তিনি।

২০১৬ সালে আসাদ আনোয়ারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। একটি পুত্রসন্তান আছে এই দম্পতির।

Link copied!