নভেম্বর ২৪, ২০২২, ০৮:৫২ পিএম
কাতারে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল। এ নিয়ে দেশে দেশে দর্শকদের মধ্যে চলছে ব্যাপক উন্মাদনা। তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। তাঁদেরও নিজের পছন্দের দল ও খেলোয়াড় রয়েছে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একজন ফুটবলপ্রেমী। তাঁর প্রিয় দল ব্রাজিল।
আজ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বরাবরের মতো ফেভারিটের তকমা নিয়ে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আমেরিকান জায়ান্ট।
নিজের পছন্দের দল মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট দিয়েছেন মিম। পোস্টে আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, “আর্জেন্টিনা ফ্যানরা আজকে ব্রাজিলের ম্যাচ দেখতে ভুলবেননা কিন্তু। আর সাথে টিস্যু রাখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে।”
তবে এর আগে মিম বলেছিলেন, তিনি মেসির খেলা পছন্দ করেন।
অভিনেত্রী তখন বলেন, “ব্রাজিলের খেলা যখন থাকে চেষ্টা করি সব কাজ রেখে খেলা দেখার। কিন্তু সবসময় তো আর ম্যাচ উপভোগ্য হয় না, মাঝে মাঝে খেলা শেষে মন খারাপও হয়। তিনি বলেন, নেইমারের মতো মেসিকেও আমার ভালো লাগে। বিশেষ করে তাঁর খেলা এবং তাঁকে দেখতেও ভালো লাগে। এ কারণে আমি ব্রাজিলের সাপোর্টার হলেও মেসির ফ্যান।”
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে হেক্সা মিশনে নামবে লিওনার্দো তিতের দল।