ডিসেম্বর ১২, ২০২২, ০৬:২৮ পিএম
সেই ছোট্ট বয়সে ‘ময়না পাখি’ বিজ্ঞাপনে চাকরিজীবী বাবার আদরের কন্যার চরিত্রে অভিনয় করে খ্যাতি পান অভিনেতা সুব্রত ও প্রয়াত দোয়েল দম্পতির মেয়ে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তারপর শিশুচরিত্রে অভিনয় করেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। এখন কাজ করছেন নায়িকা হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীঘি একটি পোস্ট দিয়ে ইন্ডাস্ট্রিতে গত তিন বছরের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

দীঘি জানালেন, গত তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে কাস্ট করার পর না জানিয়ে অন্যজনকে নিয়ে নেন পরিচালক। সে খবর আবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই পান এই অভিনেত্রী।

বিষয়টি নিয়ে দীঘি লিখেছেন, ‘তুমি জানো একা স্টারকিড হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়।’

নতুনদের সাথে কোনো বিরোধ নেই জানিয়ে দীঘি জানান, ‘যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।’

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর উল্লেখ করে দীঘি বলেন, ‘আমাদের এই ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’

সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে দীঘি বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’