পাকিস্তানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের জীবন হুমকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। তবে তিনি জানিয়েছেন, প্রাণগেলেও স্বাধীন এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য যত দূর লড়াই করতে হয়, তিনি করবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই লড়াইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানিয়েছেন পাকিস্তান-ভারতের এক ডজনেরও বেশি সুন্দরী তারকা।
ক্রিকেটজীবনের শুরু থেকেই সুদর্শন ইমরান খানের ভক্তকূলের অধিকাংশই ছিলেন নারী। ‘প্লেবয়’ হিসাবে পরিচিতিও পেয়েছিলেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময়ে বলিউডের একাধিক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে ইমরানের সম্পর্কের গুঞ্জন ছিল বহুলচর্চিত। এমনকি তার পারিবারিক জীবনেও তার জীবনসঙ্গিনীর খাতায় নাম লিখিয়েছিলেন তিন সুন্দরী নারী-জেমিমা, রেহাম অতঃপর বুশরা মেনেকা।
প্রথম দু’জন চলে গেলেও টিকে আছেন শেষের জন। ঘটনাবহুল ক্রিকেটজীবনে ইমরানের সঙ্গে একাধিক বলিউড তারকা অভিনেত্রীদের সম্পর্কের গুঞ্জন ছিল।
বলিউড তারকা রেখার সঙ্গে ইমরানের সম্পর্কের কথা শোনা যায়। ভারতের ফিল্মফেয়ার ও স্টারডাস্টের এক প্রতিবেদনে উঠে আসে ইমরান ও রেখার সম্পর্কের বিষয়টি। বলা হয়ে থাকে লাহোর থেকে বারবার ছুটে এসেছেন মুম্বাইয়ে। রেখা-ইমরানকে একাধিকবার প্রকাশ্যে পাওয়া দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে।
এছাড়া, বিভিন্ন সময় বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জিনাত আমান, শাবানা আজমি, বাঙালি ললনা মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জণ রয়েছে। গুঞ্জন আছে, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও নাকি বিয়ের কথা হয়েছিল ইমরান খানের। দুজনেই তখন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন।

এবার ইমরান খানের দুঃসময়ে তার পক্ষ নিয়ে ও তাকে সাহস জোগাতে সামাজিক যোগাযোগ মাধ্যম মাঠেও নেমে পড়েছেন পাকিস্তানের এক ডজনেরও বেশি সুন্দরী তারকা। ইমরানের সমর্থনে এই সুন্দরীদের কেউ টিভি সেলেব্রেটি, কেউবা সঙ্গীত তারকা কিংবা মডেল। তাদের পাশাপাশি সমর্থন জানিয়েছেন তারকা গায়ক-অভিনেতারাও। অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থনে টুইট করেছেন অনেক তারকা।

প্রধানমন্ত্রীর পক্ষে ওকালতি করতে সোশ্যাল মিডিয়া অঙ্গনে হাজির হয়েছেন বেশ কয়েকজন সেলেব্রেটি। সাবা কামার, আদনান সিদ্দিকী, হারুন শহীদ এবং আহমেদ আলি বাটের মতো কয়েকজন তারকা জড়ো হয়েছিলেন ইসলামাবাদে অনুষ্ঠিত ২৭ মার্চের পাওয়ার শোতে।

অভিনেত্রী সাবা কামার টুইটারে লিখেছেন, “‘ইমরান সম্পর্কে অনাস্থা মানেই পুরো পাকিস্তানের প্রতি অনাস্থা।’আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী ইমরান খানের সহায় হোন।আমীন।”

অভিনেতা আদনান সিদ্দিকী টুইটারে খানকে ‘জননেতা’ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে টুইট করেছেন হুমায়ুন সাইদ, আদনান সিদ্দিকী, মাহিরা খান, বিলাল মাকসুদ, অ্যানি খালিদের মতো অনেক তারকা।
অভিনেতা হুমায়ুন সাইদ ইমরানের মেয়াদ শেষ করার সুযোগ চেয়ে তার নেতৃত্বের প্রশংসা করেন। গায়ক বিলাল মাকসুদ বিশ্বাস করেন, পাকিস্তানের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১০ বছর প্রয়োজন।

পাকিস্তানি বংশোদ্ভূত শিল্পী ও মডেল অ্যানি খালিদ লিখেছেন, ‘ইমরান খানের প্রতি এই জাতির বিশ্বাস, ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।’
অভিনেতা মুনীব বাট তার স্ত্রী আইমানের পোস্ট ইনস্টাগ্রামে একই রকমের ক্যাপশন দিয়ে পুনরায় শেয়ার করেছেন। অভিনেত্রী এবং হোস্ট সামিনা পীরজাদাও প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন দেখিয়ে পোস্ট শেয়ার করেছেন।
সায়রা ইউসুফ, মায়া আলী, আলী কাজমি, শাহরোজ সবজওয়ারি প্রত্যেকেই আলাদা আলাদা পোস্টে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন জানিয়েছেন।

‘পেহলি সি মহব্বত’খ্যাত তারকা অভিনেত্রী মায়া আলি লিখেছেন, রাজনীতিতে শুধু একজন মানুষ পাকিস্তানের জন্য দুর্দান্ত কিছু করতে চেয়েছিলেন-তিনি ইমরান খান। আলী কাজমিও টুইটারে লিখেছেন, ‘পাকিস্তানের জন্য একজন সত্যিকারের নেতা ইমরান খান। আমি অধিনায়কের সঙ্গে আছি।’

‘মেড ইন চায়না’ তারকা ইশরাত লিখেছেন, এটা সত্যি আমাদের জাতির ভবিষ্যতের জন্য দুঃখজনক হবে, যদি আমরা ইমরানের মতো একজন নেতাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিই।
ইউটিউবার শাহভীর জাফরি এবং জায়েদ আলী টিও অধিনায়কের পক্ষে তাদের সমর্থন দিয়ে লিখেছেন-‘ইমরানের মতো একজন চ্যাম্পিয়ন হোন। পিঠে ছুরিকাঘাত নিয়ে আহতাবস্থায়ও তিনি পাগলাটে চ্যাম্পিয়নের মতো দেশ গড়ার যুদ্ধে শামিল রয়েছেন। তিনিই ছিলেন আমাদের শেষ ভরসার জায়গা এবং দুর্ভাগ্যবশত আমরা জাতি হিসাবে ব্যর্থ। আমরা ইমরান খানের মতো নেতা পাওয়ার যোগ্য নই। সাবেক মডেল আনাম মালিকও প্রধানমন্ত্রীর একটি ছবি শেয়ার করে তাকে পাকিস্তানের ‘একজন প্রকৃত নায়ক’ বলে অভিহিত করেছেন।