'ইমার্জেন্সি' তে কঙ্গনা না ইন্দিরা গান্ধি বোঝা মুশকিল!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৪:২০ পিএম

'ইমার্জেন্সি' তে কঙ্গনা না ইন্দিরা গান্ধি বোঝা মুশকিল!

ইন্দিরা গান্ধির ভূমিকায় এবার কঙ্গনা রানাওয়াত। ছবির নাম 'ইমার্জেন্সি'। প্রকাশ্যে এল টিজার। নতুন সিনেমার ফার্স্ট লুকে দেখা গেছে কঙ্গনার ঝলক। সেই লুকে এটা কঙ্গনা না ইন্দিরা গান্ধি বোঝা দায়! সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারের সাথে লুক শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।

১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে। এর সঙ্গে 'অপারেশন ব্লু স্টার'-এর কাহিনিও তুলে ধরা হবে ছবিতে। এতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই।

কঙ্গনার এই ছবি তাঁর দ্বিতীয় পরিচালনা। এর আগে ‘মনিকর্ণিকা’দিয়ে পরিচালনা শুরু করেন। যথাযত লুক পেতে হলিউড থেকে প্রস্থেটিক আর্টিস্টকে নিয়ে এসেছিলেন কঙ্গনা। অস্কার-জয়ী প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনস্কি কাজ করবেন 'ইমার্জেন্সিতে। 

টিজার শেয়ার করে কঙ্গনা লিখলেন, ‘সেই মহিলাকে নিয়ে এলাম, যাঁকে স্যার বলা হত’। দেখে নিন--

এই ছবি নিয়ে এর আগে কঙ্গনা জানিয়েছিলেন, ‘পরিচালকের টুপি পরলাম দ্বিতীয়বার। গত এক বছর ধরে ইমার্জেন্সিতে কাজ করার পর বুঝতে পারলাম এটা আমার থেকে ভালো বানাতে আর কেউ পারবে না। বিখ্যাত লেখক রীতেশ শাহর সঙ্গে কাজ করছি এই ছবিতে। এটা বানাতে যদি আমাকে কিছু অভিনয় ফিরিয়ে দিতে হয় আমি তাও করতে প্রস্তুত। এখন থেকেই উত্তেজিত আমি। এটা আমার জন্য একটা দারুণ জার্নি হতে চলেছে।’

যদিও কঙ্গনা আগেই বলে দিয়েছেন 'ইমার্জেন্সি' কোনও বায়োপিক না, এটা একটা রাজনৈতিক ছবি। কঙ্গনার কথায়, ‘ইন্দিরা গান্ধির বায়োপিক নয় এই ছবি। বরং এটা একটা বড় প্রেক্ষাপটকে তুলে ধরে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে এটা একটা রাজনৈতিক ছবি যা নতুন জেনারেশনকে সাহায্য করবে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে নিতে।’

Link copied!