গত মাসেই সুসংবাদটি দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। মা হতে চলেছেন তিনি। বেবি বাম্পের ছবি ও ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছিলেন। কিন্তু সন্তানের বাবা কে? এ বিষয়টি খোলাসা করেননি। এ নিয়ে এরপর থেকে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। একদিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের বেবি বাম্পের ভিডিও অনুরাগীদের সাথে শেয়ার করেন ইলিয়ানা।
ওই সাদা-কালো ভিডিওতে তিনি, আর তার কাছেই রয়েছে তার পোষ্য। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিওতে লেখা, ‘লাইফ লেটলি’, আবহে ‘আ বিউটিফুল মর্নিং’ গান। নিজের জীবনের এই সময় যে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী, তা স্পষ্ট এই ভিডিও থেকেই। তবে অস্বস্তিও যে কম রয়েছে, এমনটি নয়।
ইলিয়ানা জানেন, গর্ভাবস্থার এই সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় হবু মাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে অভিনেত্রী তাই লেখেন, রাতে ঘুমোতে পারছি না। বিছানার ওপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছি।
ওই ছবির ক্যাপশনে ইলিয়ানা লেখেন, যখনই ঘুমের চেষ্টা করছি, তখনই পেটের ভেতর ড্যান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে।
বছর কয়েক আগে পর্যন্তও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সাথে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাঁকে একাধিকবার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন তিনি। ২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। তারপর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন ইলিয়ানা।
এরপর বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সাথে নাম জড়ায় তাঁর। এক সাথে ছুটি কাটাতেও দেখা গেছে এই যুগলকে। ইলিয়ানার অনাগত সন্তানের বাবা ক্যাটরিনার এই ভাই-ই কিনা, সে বিষয়ে অবশ্য এখনও মুখে কুলুপ এঁটে বসেছেন অভিনেত্রী।
এনডিটিভি