ঈদের আনন্দকে দ্বিগুণ করে তুলতে ছোট পর্দা ব্যস্ত থাকে একেকর পর এক সুন্দর গল্প নিয়ে। এবারের ঈদে 'তানসেন এখন বিবাহিত' গল্পে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নাটকটিতে দেখা যাবে পারিবারিক ভাবে বিয়ের পর দুজনের চরিত্রের এপিট ওপিট সম্পর্ক থেকে ভালোবাসায় আবর্তিত হয়েছে গল্পটি।
নাটকটির নির্মাণ করেছেন এমএইচ রসেল। গল্পে দেখা যাবে, বিয়ের প্রথম দিন সকালে সোহা তানসেনের মাথায় পানি ঢেলে দেয়। কারণ তার রেওয়াজ এবং গলার সুর কোনটাই তার পছন্দ নয়। তার পছন্দ স্মার্ট হিপহপ গান। সে চেয়েছিল একজন স্মার্ট স্বামী। কিন্তু তানসেন ভুড়িওয়ালা, ঠোটের উপর চিকন গোফ, মাথায় তেল দিয়ে সিথি করে থাকা একজন গানের শিক্ষক।

'তানসেন এখন বিবাহিত' নাটকটি নিয়ে মোশাররফ করিম দ্য রিপোর্টকে বলেন, 'তানসেন এখন বিবাহিত গল্পটি পছন্দ হয়েছে। আমি কাজটি করেছি। গল্পটিও ভিন্ন এবং চরিত্রটিও ভিন্ন, ভাল লাগবে আশা করা যায়। এখন বাকিটা দর্শক বলবে কেমন হয়েছে।'

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দ্য রিপোর্টকে বলেন, তানসেন এখন বিবাহিত নাটকটিতে আমাকে একজন মর্ডান বউয়ের চরিত্রে দেখা যাবে। যার নাম সোহা। আর মোশারফ ভাইকে তানসেন গায়ক চরিত্রে। গল্পে আমাদের বিয়ের পর দুজনের মধ্যে বেশ ঝামেলা হয় । কোনো ভাবেই বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে সমস্যার কারণ খুঁজে ভালোবাসা বাড়ে। এভাবেই গল্পের কাহিনী চলবে। খুব মজার গল্প আশা করি সবাই খুব পছন্দ করবে গল্পটি।

নাটকটির নির্মাতা এমএইচ রসেল বলেন, নাটকটি আগামীকাল দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬ টায় দেখা যাবে। পরবর্তীতে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে নাটকটি। চেষ্টা করেছি দর্শককে ভাল কিছু উপহার দেয়ার। দেখা যাক কি হয়।
নাটকটি আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ , ফারিয়া চৈতি সহ অনেকে।