ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে একটি অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের ‘কিল হিম’। এই সিনেমাটি নিয়ে একটি ভ্লগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন উঠতি মডেল ও টিকটকার শাকিলা পারভীন।

ভিডিওটি পোস্ট করাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদও প্রকাশ করা হয়। এ এর জের ধরেই শাকিলা ফেসবুক পোষ্টে সব সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়েছেন।
এরপরই হাতিরঝিল থানায় কথিত মডেল শাকিলার নামে সাধারণ ডায়েরি করেন আকাশ নিবির নামে এক বিনোদন সাংবাদিক।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ বলেন, ‘বৃহস্পতিবার (৪ মে) সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

অভিযোগে আকাশ নিবির লেখেন, গত ৩ মে রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভিন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করা হয়।
এতে আমি সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। শাকিলা পারভীনের মাধ্যমে যেকোনো সময়ে ক্ষতির আশঙ্কা করছি। এ ছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।
টিকটক থেকে উঠে আসা শাকিলা পারভীন বেশ কিছু নাটকেও কাজ করেছেন। পাশাপাশি তিনি ভ্লগ বানিয়ে আয় করে থাকেন।