এই নির্বাচন আমি বর্জন করলাম: ডি এ তায়েব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২২, ১০:৪১ এএম

এই নির্বাচন আমি বর্জন করলাম: ডি এ তায়েব

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ডি এ তায়েব। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল শনিবার ভোর পৌনে ৫টা পর্যন্ত ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হওয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই অভিনেতা। ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে নির্বাচন করা ডিএ তায়েব হেরে গেছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডি এ তায়েব লিখেছেন, “ভোর পৌনে পাঁচটা বাজে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছেন না। এই নির্বাচন আমি বর্জন করলাম।”

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আর জায়েদ খান আবারও  সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন। জায়েদ খান এই নিয়ে টানা তৃতীয়বার একই পদে জয় পেলেন। 

শনিবার ভোর পৌনে ৬টার দিকে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। এর আগে শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার ভোরে ঘোষণা করা ফলাফলে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুনের প্রাপ্ত ভোট ১৬৩টি।

এ ছাড়া সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন জয়ী হয়েছেন৷

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরমান।

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী ও চুন্নু । অন্যদিকে, কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরি সদস্য পদে এসেছেন ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

Link copied!