চলতি মাসের ১৯ তারিখে একই সাথে মুক্তি পেতে চলেছে ৩ ছবি। জয়া আহসানের ‘অলাতচক্র’, অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’ এবং পরীমনির ‘স্ফুলিঙ্গ’ ছবি ৩টি মুখোমুখি হবে ১৯ মার্চ।
মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে আহমদ ছফার উপন্যাস থেকে নির্মিত হয়েছে ‘অলাতচক্র’। একাত্তরের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলির অন্যতম অলাতচক্র। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত লেখক দানিয়েল ও ক্যান্সারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপোড়েন, যুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে অলাতচক্রে। সেই বিষয়গুলোই রূপালি পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক হাবিবুর রহমান হাবিব। আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে মূল চরিত্রে আছে জয়া আহসান।
আরেকদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রথম প্রদর্শিত হবে ‘প্রিয় কমলা’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। ছবিতে মূল চরিত্রে রয়েছে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, মালা খন্দকার এবং শিশুশিল্পী আজান। যুদ্ধের সময় অজপারাগায়ের নিটল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়।স্বাধীনতার ৫০ বছরে দেশ কী অর্জন করলো এবং কী অর্জন করলো না এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ ছবিতে।
অপরদিকে মুক্তিযুদ্ধের সময়কালীন কিছু দিক নিয়ে নির্মিত হয়েছে ‘স্ফুলিঙ্গ’। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। ছবিতে মূল চরিত্রে রয়েছে পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। এর সাথে সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।