কিছু দিন আগে অপহরণ মামলায় নাম জড়িয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার খুনের মামলায় জড়ালেন এই অভিনেত্রী। তবে বাস্তবে নয়, সবটাই চিত্রনাট্যে।
নতুন নতুন ছবির শুটিং করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি আছেন লন্ডনে। সেখানে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবুসোনা সিনেমায় শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রাবন্তী।
এর মাঝেই প্রকাশ্যে এসেছে 'রবীন্দ্র কাব্য রহস্য' নামের আরো একটি ছবির পোস্টার। সেই ছবিতেও আছেন শ্রাবন্তী। এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প, এই ক্যাপশন দিয়েই সিনেমার ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী।

সেই পোস্টারে দেখা গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, রয়েছে নোবেল পুরস্কার। কিন্তু এর পাশেই আবার দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি। এসকে মুভিজের প্রযোজনায় রবীন্দ্র কাব্য রহস্য সিনেমাটিতে অভিনয় করেছেন সায়ন্তন ঘোষাল। সিনেমার গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও অভীককে।
এই দুই চরিত্রেই অভিনয় করছেন ঋত্বিক ও শ্রাবন্তী। কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার সঙ্গে পরিচয় হয় তার। হিয়ার সঙ্গে খুনের মামলার কোনো যোগসূত্র রয়েছে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে রবীন্দ্র কাব্য রহস্য মুক্তি পেলে।