২০২২ সালে এসে মেয়েদের পোশাক নিয়ে যখন মাথাব্যথা দিনকে দিন কমছে তখন জয়া বচ্চন এক বিস্ফোরক প্রশ্ন করে বসলেন ভারতীয় মেয়েদের পোশাক নিয়ে।
খালি শার্ট-প্যান্ট? অনেক ভারতীয় নারীকেই আজকাল শুধু পশ্চিমা পোশাকই পরতে দেখা যায়, কিন্তু কেন? - এই প্রশ্ন করেছেন জয়া বচ্চন।
অমিতাভ-জয়ার মেয়ের ঘরের নাতনী নব্যা একটি পডকাস্ট শো করেন যেটির নাম 'হোয়াট দ্য হেল নব্যা'। সেই শোতে জয়া এর আগেও যুক্ত হয়েছিলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে। ‘ওয়ান ক্রাউন, মেনি শুজ’ শিরোনামে এবারের পর্বের আলোচনার বিষয় ছিল পোশাক। সেই শো-তে মেয়ে শ্বেতা বচ্চন আর নাতনী নব্যাকে এই প্রশ্ন ছুঁড়ে দেন জয়া।

নব্যা প্রশ্ন শুনে অবাক হয়ে চুপ হয়ে থাকলেও মেয়ে শ্বেতা খুব সুন্দর করে মাকে বুঝিয়ে বলেন, কেন মেয়েরা এখন ওয়েস্টার্ন ড্রেস বেশি পরছে।
শ্বেতা বলেন, 'আসলে সুবিধে হয় চলাফেরা করতে। এখন তো মেয়েরা আর ঘরে বসে থাকেন না, তাঁদের বেরুতে হয়। চাকরি করতে হয়। শাড়ি জড়ানোর চাইতে চট করে প্যান্ট-শার্ট গলিয়ে নেওয়া কি সহজ নয়?'

মেয়ের ফিরতি প্রশ্নের উত্তরে ‘গুড্ডি’-র নায়িকা বললেন, 'আমার মনে হয়, ওয়েস্টার্ন পোশাক একজন মেয়েকে ম্যানপাওয়ার দিতে পারে। অজান্তেই আমরা সুবিধাজনক পোশাকের দিকে ঝুঁকে পড়েছি। কিন্তু আমি একজন নারীকে নারীর ক্ষমতাতেই দেখতে চাইব। নারীশক্তির জবাব নেই। বলছি না যে সব সময় শাড়ি পরতে হবে, কিন্তু তা-ও..., পশ্চিমের দেশগুলোতেও মেয়েরা আগে শুধু নারীসুলভ পোশাক পরতেন। পা ঢাকা গাউন, ড্রেস— এ সবের চল ছিল। কিন্তু তারপর সে সব ছেড়ে প্যান্ট পরতে শুরু করেছেন ওঁরাও।'
মায়ের কথার প্রসঙ্গ টেনে শ্বেতা বলেন, 'পুরুষরা যুদ্ধে গেলে মহিলারা মাঠে নামতে থাকেন। কারখানায় কাজ করতে যান রুটিরুজির জন্য। তখন তো গাউন ছাড়তেই হতো। ভারী যন্ত্রপাতি চালানোর জন্য প্যান্ট পরা ছাড়া উপায় নেই!'

মায়ের পক্ষ নিয়ে দিদিমাকে বুঝাতে নব্যাও যোগ করেন, 'মহিলা শিল্পপতি বা সংস্থার প্রধানরা অনেকেই শাড়ি পরেন। স্বনির্ভরতা এবং আত্মবিশ্বাস তাঁদের মজ্জায় আর সেটাই তাঁদের ক্ষমতার চিহ্ন।
তিন প্রজন্মের তিন নারী শেষে আলোচনায় এই বিশ্বাস নিয়ে ইতি টানেন যে এখনকার নারীরা ভিতর থেকে শক্তিশালী। তাঁদের পোশাক যা-ই হোক, নারীর নিজস্ব শক্তির প্রদর্শনই জরুরি।
একের পর এক নানান গল্প নিয়ে নাতনির পডকাস্ট অনুষ্ঠানে হাজির হচ্ছেন জয়া। কখনও জীবনের পাতা উল্টে নানান তথ্য দিচ্ছেন আবার কখনও বিতর্ক মন্তব্যও শোনা যাচ্ছে।

এদিকে, দীর্ঘদিন পরে সিনেমায় দেখা যেতে চলেছে তাঁকে। ‘রকি আউর রনি কী প্রেম কাহানিতে’ তাঁকে দেখা যাবে। কিছুদিন আগেই অমিতাভের জন্মদিন উপলক্ষে এসেছিলেন কেবিসির মঞ্চে। এখন বিরাট ব্যস্ত বলিউড শাহেনশাহর ঘরণী অভিনেত্রী জয়া বচ্চন।