করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পাচ্ছে না ঢালিউড অঙ্গন। একের পর এক ঢালিউড তারকারা আক্রান্ত হচ্ছেন করোনায়। সেই তালিকায় যুক্ত হয়েছেন দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কবরী সারোয়ার। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
গত সোমবার (৫ এপ্রিল) বিকেলে করোনা পজেটিভ হওয়ার রিপোর্ট পেয়েছেন অভিনেত্রী কবরী। তারপর সন্ধ্যায় শ্বাসকষ্ট হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী এ.কে.এম. নূর উদ্দিন সরকার। তিনি জানিয়েছেন, বর্তমানে কবরী সারোয়ারকে ২৪ ঘন্টা কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর। 'নীল আকাশের নিচে', 'ময়নামতি', 'ঢেউয়ের পর ঢেউ', 'পরিচয়', 'অধিকার', 'বেঈমান', 'অবাক পৃথিবী', 'সোনালী আকাশ', 'অনির্বাণঃ, 'দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।