মাদক না ছাড়ায় গেল ৪ মে ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে তালাক দিয়েছিলেন তারে স্ত্রী সালসাবিল মাহমুদ। ফেসবুক পোস্টে সালসাবিল মাহমুদ নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানান। যেখানে সালসাবিল দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেকে ক্ষমতাশালী মানুষদের অবদান আছে।

এবার সেই স্ট্যাটাসের দেয়ার কিছুদিন যেতে না যেতেই সালসাবিলকে ‘গুমের হুমকি’ দেওয়া হলো। আর সেটি তিনি জানান ফেসবুকে।
শুক্রবার ‘গুমের হুমকি’ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘২৪ ঘণ্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ খানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের দুই মিনিটেরও বিষয় না। কোনো আইন তাদের কিছু করতে পারবে না। আইন তারা পকেটে রাখে।’

তিনি আরও লিখেছেন, ‘উল্লেখযোগ্য যে কথাগুলো আমাকে বলা হলো; তোমাদের পারসনাল বিষয় পর্যন্ত ঠিক ছিল, এর বেশি তুমি কেনো কথা বলতে গেলা? তুমি কেন এসব নিয়ে কথা বলতে গেছ? যদি আমাদের কারো নাম সামনে আসে- তোমাকে রাস্তায় শুট করা হবে। না হলে ২ মিনিটে গুম করে দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত বছরই নোবেলের নানা বিতর্কিত কাণ্ডে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সালসাবিল। তবে সেসময় দুই পরিবারের কারণে বিচ্ছেদের বিষয়টি ‘থমকে’ ছিল। অবশেষে থমকে থাকা সেই সিদ্ধান্তই এবার চূড়ান্ত করেন সালসাবিল মাহমুদ।