ভারতের বাংলা সিনেমার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরনে কালো রঙের বেনিয়ান পাঞ্জাবি আর সাদা রঙের চুনোট ধুতি। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা, আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গহনা। হাতে কালো রঙের ঘড়ি। হঠাৎ এমন সাজে ফ্রেমবন্দি হয়ে জানিয়েছেন লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে প্রতিবাদ।

সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। স্বস্তিকা বরাবরই স্বাধীন চিন্তাভাবনাকেই গুরুত্ব দেন। এ জন্য তাকে ঠোঁটকাটা অভিনেত্রীও বলা হয়। এর আগে বহুবার স্বস্তিকা লিঙ্গ বৈষম্যর বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। সে জায়গা থেকেই দাঁড়িয়েই এমন পোশাক পড়লেন স্বস্তিকা। এ পোশাক পরে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। জানা যায়, তাকে এ রূপে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়।

নিজের ধুতি পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘আমরা নারীরা অনেক বেশি শক্তিশালী। আমাদের অন্য কারও প্রয়োজন পড়ে না নিজেদের বিশ্বাসকে তুলে ধরার জন্য। আমরা আজকেও দেবী, প্রত্যেকদিনই দেবী!’
স্বস্তিকার ধুতি পরা ছবির কোলাজ ইতোমধ্যেই প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। অনেকের মতে, স্বস্তিকা যেই পোশাক পরুন না কেন, তাতেই মানানসই। তবে স্বস্তিকার এই সাজ শুধু সাজ নয়, সামাজিক বার্তাও দেয়, তাই স্পষ্ট করেছেন অভিনেত্রী।