এবার ভোটের মাঠে লড়বেন পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১২, ২০২২, ০৪:৩৭ পিএম

এবার ভোটের মাঠে লড়বেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী পরীমনি। গত বছরের মাদক মামলায় বহুল আলোচনায় উঠে আসা এই নায়িকা নতুন বছরের শুরুতেও বড় ধামাকা ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। জানিয়েছেন তার বিয়ে ও মা হতে যাওয়ার সংবাদ।

এদিকে, গত ১৭ অক্টোবর তিনি সহ-অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন বলে জানান পরীমনি। গত সোমবার(১০ জানুয়ারি) ফেসবুকে রাজের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মা হতে যাওয়ার খবরও দেন এই নায়িকা। এবার দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ানোর খবর।

আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনে  কার্যনির্বাহী সদস্য পদে লড়াই করবেন এই নায়িকা।ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন তিনি।

নির্বাচনে লড়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক। তিনিও কাঞ্চল-নিপুন প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। সাদিক গণমাধ্যমে বলেন, “ ‘পরীমনির অনুমতি নিয়ে সোমবার তার জন্য মনোনয়নপত্র তুলেছিলাম। মঙ্গলবার রাতে তিনি স্বাক্ষর করেছেন। তিনি আমাদের সঙ্গে নির্বাচন করছেন।”

চলচ্চিত্র শিল্পীদের নানা সমস্যায় সবসময়ই পাশে থাকতে দেখা যায় পরীমনিকে। বিভিন্ন উৎসবে তাদের নানা উপহার এবং অর্থ সহয়তা দিয়ে থাকেন নায়িকা। এছাড়া প্রতি বছর তিনি শিল্পীদের জন্য এফডিসিতে একাধিক গরু কোরবানিও করে থাকেন।

পরীমণির নির্বাচন করার বিষয়টি স্বামী শরিফুল রাজও একটি অনলাইন নিউজ পোর্টালকে জানিয়েছেন।এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে রাজ বলেন, “পরী নির্বাচন করছে, কিন্তু শারীরিক অবস্থার কারণে মাঠে নামবে না। সুস্থ থাকলে ২৮ জানুয়ারি ভোট দিতে যাবে।”

এদিকে, চলমান মাদক মামলায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করা হলেও পরী মণির উত্তরে সন্তুষ্ট হয়ে পদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অভিনতা জায়েদ খান জানিয়েছেন।

প্রসঙ্গত,আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে। নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, ইলয়াস কাঞ্চন-নিপুনের নেতৃত্বে রয়েছে আরেকটি প্যানেল।

Link copied!