অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেমে মজেছেন সোনাক্ষী সিনহা- এমন খবর অনেকদিন ধরেই আলোচনায় এসেছে। সেই খবরে অবশ্য সোনাক্ষীই যেন একটু হাওয়া লাগিয়েছিলেন কথিত প্রেমিক জাহিরকে নিয়ে দেওয়া সোশ্যাল মিডিয়াজুড়ে বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করে। তবে এতদিন নিজেদের কেবল ভালো বন্ধু বলেই দাবি করেছেন দুজন।
তবে এবার যেন মেঘ সরে গেল। সরালেন জাহির নিজেই। অবশ্য জাহিরকে সায় দিলেন সোনাক্ষী। আর তাতেই ভক্তদের এতদিনের ধোঁয়াশা গেল কেটে!
২ জুন ছিল সোনাক্ষীর ৩৫তম জন্মদিন। তবে ওইদিন সোনাক্ষীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেননি জহির। তাই দেরিতে হলেও সোমবার ছবিভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বলিউড অভিনেত্রীকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানান জহির। সঙ্গে জানান দেন সোনাক্ষীর প্রতি নিজের ভালোবাসার কথাও।
ইনস্টাগ্রামের সেই পোস্টে দুটি ভিডিও আপলোড করেন জহির। ভিডিওতে দেখা যায়, জহির ও সোনাক্ষী দুজনই একত্রে বিমানে কোথাও যাচ্ছেন। ক্যাপশনে জহির লেখেন, “জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা। আমাকে মেরে না ফেলার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য রইল আরও খাবার, ঝগড়া, প্রেম ও হাসি।”
এই পোস্টের কমেন্ট সেকশনে অভিনেত্রী লিখেছেন, ‘‘থ্যাঙ্ক ইউ। লাভ ইউ। এবার আমি আসছি তোমায় মেরে ফেলতে।’’
এর আগে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির তার সঙ্গে সোনাক্ষীর প্রেমের সম্পর্কের ব্যাপারে জানিয়েছিলেন, চাইলে এ প্রেমের সম্পর্ক নিয়ে সবাই ভাবতে চাইলে ভাবতে পারেন। তবে এসব গুজবে পাত্তা দেন না তিনি। গুজবকে তিনি ইন্ডাস্ট্রির একটি অংশ হিসেবেই দেখেন।