সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:২৬ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে একই নামে চলচ্চিত্রটির শ্যুটিং ফের শুরু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং ফের শুরু হওয়ার কথা রয়েছে বলে দৈনিক দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানা গেছে।
গত জানুয়ারি মাসে ঢালিউডের জনপ্রিয় জুটিফেরদৌস ও পূর্ণিমার অংশগ্রহণের মধ্য দিয়ে এই চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর বুধবার (২২ সেপ্টেম্বর) আবারও চলচ্চিত্রটির শুটিং শুরু হলো।

চলচ্চিত্রের ফের শুটিং শুরুর বিষয়ে অভিনেতা ফেরদৌস গণমাধ্যমে বলেন, “নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’র শুটিং অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, করোনাভাইরাস মহামারির কারণে তা হয়নি। আশা করছি, এবার শুটিং শেষ করতে পারব।’’
নঈম ইমতিয়াজ নেয়ামুল জানান, ‘২০১৯ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান ফেরদৌস ও পূর্ণিমা। সে সময় শুটিং শেষ না করেই পুরো ইউনিটকে ঢাকায় ফিরতে হয়েছিল।'

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। সিনামাটিতে সাংবাদিক চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। অন্যদিকে, বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।
এছাড়াও অতিথি শিল্পি অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, ওবায়দুল কাদের রচিত ‘গাঙচিল’ উপন্যাসটি ২০১৪ সালে প্রকাশিত হয়। নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নের গাঙচিল এলাকার নামে এ উপন্যাসটির নামকরণ করা হয়। ‘গাঙচিল’ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার একটি গ্রামের নাম। চরে বসবাসরত মানুষদের জীবন-যাপন, হাসি-কান্নাসহ তাদের দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে ওই উপন্যাসে।
কোম্পানীগঞ্জের গাঙচিল এলাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার বিভিন্ন দৃশ্য চিত্রায়িত হয়েছে। গাঙচিল একটি গল্প নির্ভর উপন্যাস হলেও, সিনেমা হচ্ছে পুরোপুরি বাণিজ্যিক।