ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা

শোবিজ ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৬:৪৭ পিএম

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন  বলিউড তারকারা

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা প্রায় হাজারখানেক। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি ওড়িশার বালেশ্বরে লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর উল্টো দিক থেকে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ছুটে আসায় দুর্ঘটনার মাত্রা আরও তীব্র হয়।

এ দুর্ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে ওড়িশা রাজ্য সরকার। ভয়াবহ এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারাও।

শনিবার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেন বলিউডের ভাইজান সালমান খান। এ নিয়ে টুইটারে তিনি লেখেন, ‘দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।’

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইলো। ওম শান্তি।’

অভিনেত্রী শিল্পা শেঠির বার্তা, ‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে আমি হতাশ! নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Link copied!