ওয়াসিমের মৃত্যুতে বাকরুদ্ধ অঞ্জনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ১২:২১ পিএম

ওয়াসিমের মৃত্যুতে বাকরুদ্ধ অঞ্জনা

চলে গেছেন বাংলার সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা ওয়াসিম। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকাতুর ঢালিউড অঙ্গন। অন্যান্য তারকাদের মতোই শোক প্রকাশ করেছেন চিত্রনায়িকা অঞ্জনা রহমান। চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুতে বাকরুদ্ধ অঞ্জনা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়ক ওয়াসিমকে নিয়ে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শোক প্রকাশ করে নায়িকা অঞ্জনা লিখেছেন, আরেকটি নক্ষত্রের পতন। আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি শক্তিমান চিত্রনায়ক ওয়াসিম ভাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। কি বলবো আসলেই বাকরুদ্ধ হয়ে গেছি। কিছুই বলার নেই।

তিনি আরও লিখেছেন, আমার সাথে অসংখ্য সুপার বাম্পারহিট চলচ্চিত্রের নায়ক হিসেবে তিনি অভিনয় করেছেন। আপনি বেঁচে থাকবেন আপনার অমর কাজের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বপ্নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে।

চিত্রনায়িকা অঞ্জনা তার স্ট্যাটাসে নায়ক ওয়াসিমের সাথে অভিনীত দর্শকনন্দিত সিনেমার নাম উল্লেখ করেছেন। অঞ্জনা-ওয়াসিম জুটির অভিনীত সিনেমার মধ্যে ১৫টির মতো সিনেমা ছিল সুপারহিট। সিনেমাগুলো হচ্ছে- ‘নূরী’, ‘প্রেমের সমাধী’, ‘ঈমানদার’, ‘দিদার’, ‘ডাকু ও দরবেশ’, ‘জুলুমের বদলা’, ‘সংঘাত’, ‘যাদুপুরী’, ‘নান্টুঘটক’, ‘হীরামন’, ‘আলাদীন আলীবাবা সিন্দাবাদ’, ‘রাজ মুকুট’, ‘রাখে আল্লাহ মারে কে’, ‘খঞ্জর’, ‘নাগমাতা’।

Link copied!