জুলাই ১৫, ২০২২, ০৪:১২ পিএম
অভিনেতা হওয়ার কোনো স্বপ্ন ছিল না তাঁর; একাত্তরে যুদ্ধ শেষে দেশে ফেরার পর ‘জোর-জবরদস্তি’করে ঢাকায় এক সাংস্কৃতিক আয়োজনে কণ্ঠ ব্যবহার করেছিলেন। সেই শুরুর পর আজও সংস্কৃতি অঙ্গনে পথচলা অব্যাহত রেখেছেন তিনি। মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র সবখানেই তাঁর অসাধারন অভিনয়ের ছোঁয়া রয়েছে। সেই বরেণ্য অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ। একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও প্রখ্যাত পরিচালক রাইসুল ইসলাম আসাদ ৬৯ বয়সে পা রেখেছেন।
১৯৫৩ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭১ সালে দেশমাতৃকার স্বাধীনতা ছিনিয়ে আনতে যখন ডাক পড়লো, তখন মুক্তিকামী বীরসেনানীদের সঙ্গে রাইসুল ইসলাম আসাদও যোগ দেন মুক্তিযুদ্ধে।
১৯৭২ সালে বেতার, মঞ্চে ও টেলিভিশনে রাইসুল ইসলাম আসাদের অভিনয়ে যাত্রা হয়। চলচ্চিত্রে তিনি নাম লেখান ১৯৭৩ সালে। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ নামের আলোচিত সিনেমাটি ছিল তার প্রথম চলচ্চিত্র। তবে নজর কাড়েন সৈয়দ সালাহউদ্দিন জাকি পরিচালিত "ঘুড্ডি" ছবিতে।
রাইসুল ইসলাম আসাদ অভিনীত প্রায় সব ছবিই ঋদ্ধ দর্শকদের প্রশংসা পেয়েছে। "পদ্মা নদীর মাঝি" তাঁকে পরিচিত করেছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও।
১৯৮১ সালে সৈয়দ হাসান ইমামের ‘লাল সবুজের পালা’, ১৯৮৪ সালে কাজল আরেফিনের ‘সুরুজ মিঞা’-সহ এ পর্যন্ত অর্ধ শতাধিকের বেশি সিনেমায় অভিনয় করেন এই গুণী অভিনেতা।
চলচ্চিত্রে অভিনয় করে বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাইসুল ইসলাম আসাদ। এরমধ্যে পদ্মা নদীর মাঝি (১৯৯৩), অন্য জীবন (১৯৯৫), দুখাই (১৯৯৭), ও লালসালু (২০০১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
২০০৬ সালে ‘ঘানি’ ও ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ সিনেমার জন্য পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। এছাড়া ৪৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। আর ২০২১ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
এই অভিনেতা এখনও নিয়মিত অভিনয় করে চলেছেন। সবশেষ ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় রাইসুল ইসলাম আসাদকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’। এছাড়া শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মওলানা আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে অভিনয় করছেন তিনি।