জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা অভিনয়ে নেই দীর্ঘদিন ধরে। সন্তানসম্ভাবা হওয়ার পর থেকেই অভিনয় জগত থেকে নিজেকে কিছুটা গুটিয়ে রাখেন এই অভিনেত্রী। ঈদ মানেই নাটকে সরব উপস্থিতি তিশার। কিন্তু এই ঈদে তার একটি নাটকও দেখা যাবে না। কারণ হিসেবে তিশা জানালেন, ‘ঈদে নতুন কোনো নাটক প্রচারের সম্ভাবনা নেই। এবারের পুরো ঈদ আমি আমার সন্তানকে দিচ্ছি।’
তিশা আরও বলেন, দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, দর্শকের সঙ্গে আমার সময় শেয়ার করতে পারছি না, সন্তানের সঙ্গে এবারের ঈদটা করতে হচ্ছে। পুরোনো কোনো কাজেও দেখা যাবে না।’
৫ জানুয়ারি কন্যা সন্তানের মা হয়েছেন তিশা। সেই থেকেই খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। আসছে ঈদে একাধিক পরিচালকের কাছ থেকে নাটকের প্রস্তাব পেয়েছেন এই তারকা। কিন্তু সবাইকে না করে দিয়েছেন তিনি। তবে রোজার ঈদের পর অভিনয়ে ফিরতে পারেন গুণী এই অভিনেত্রী।
প্রসঙ্গত, ‘ইলহাম নুসরাত ফারুকী’একমাত্র কন্যা সন্তানকে নিয়ে রাজধানীতেই বসবাস করছেন তিনি। পরিবার ও কাছের মানুষেরা ছাড়া কেউই তিশার সন্তানের দেখা পাননি এখনো। সন্তানকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ভক্ত ও অনুসারীরা। জানা যায়, ঈদে হয়তো দর্শকেরা ইলহামকে দেখতে পাবেন।