কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর আলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ০১:৪১ পিএম

কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর আলিয়া

অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। রবিবার (৬ নভেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। বলিউডের কাপুর ও ভাট পরিবার ভাসছে এখন আনন্দের ভেলায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি নভেম্বরের ২০ থেকে ২২ তারিখের মধ্যেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মা হওয়ার কথা ছিল। তবে তার আগেই প্রথম সন্তানের মুখ দেখলেন এই অভিনেত্রী।

alia ronvir

বেলা ১২টা ৫ মিনিটে রণবীর-আলিয়ার কন্যা মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে জন্মগ্রহণ করে। যদিও এখনো এই দম্পতির পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টায় অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ধারণা ছিল, আজই সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া। শেষ পর্যন্ত হলোও তাই।

জানা গেছে, প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন আলিয়া। ছুরি-কাঁচির ঝঞ্ঝাটে যেতে চাননি তিনি। হয়েছেও তাই। নরমাল ডেলিভারিতেই পৃথিবীতে এসেছে রণবীর-আলিয়া দম্পতির প্রথম সন্তান।

alia-ranbir collage

রণবীর ও আলিয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন। পরে জুন মাসে সন্তান আগমনের সুখবর দেন আলিয়া-রণবীর। নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে আলিয়া তখন লন্ডনে। 

রনবীরের মা নীতু কাপুর, আলিয়ার মা সোনি রাজদান, আলিয়ার বাবা মহেশ ভাট, শাহীন সকলে আলিয়ার পাশে উপস্থিত আছেন বলে জানা গেছে।

আলিয়ার বাবা পরিচালক মহেশ ভট্ট তার অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘নতুন সূর্য উঠেছে। তরতাজা শিশিরের মতো নতুন জীবনের স্পন্দন এসেছে।’

সূত্র: পিঙ্কভিলা

Link copied!