মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। অবশেষ আক্রান্তের ২১ দিন পর করোনামুক্ত হয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজ।
অভিনেতা রিয়াজ তার পোস্টে লিখেছেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম। আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।’ তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ তিনা (স্ত্রী), গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।’
এছাড়াও সকল করোনা আক্রান্ত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। একই সঙ্গে স্বজনহারা পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২ এপ্রিল রিয়াজ করোনায় আক্রান্ত হন। এরপর হোম আইসোলেশনে ছিলেন তিনি। নির্দিষ্ট সময়ের পর তিনি আবারও করোনা টেস্ট করান। কিন্ত সে রিপোর্টে পজেটিভ রিপোর্ট আসে তার। অবশেষে তিন সপ্তাহ পর এখন সুস্থ আছেন তিনি।
প্রসঙ্গত, ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল রিয়াজের। তবে নিয়ম অনুযায়ী দেশ ত্যাগ করার আগে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। করোনা আক্রান্ত হওয়ায় শুটিংয়ের জন্য ভারত যেতে পারেননি তিনি। এদিকে রিয়াজ অভিনীত দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ রয়েছে মুক্তির অপেক্ষায়।